এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখতে নির্দেশনা
ফাইল ছবি
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছায়। বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময়ে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
তিনি আরও বলেন, গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়ন, জ্বালানি বহুমুখীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট, এসএমএস ও ভিডিও প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে হলিডে স্ট্যাগারিং এবং ডিমান্ড ও সাপ্লাই সাইড ম্যানেজমেন্টসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
মন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








