জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪২, ২৮ মে ২০২৬
আপডেট: ১৯:৪২, ২৮ মে ২০২৬

৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি টাকা টোল আদায়

৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি টাকা টোল আদায়

ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষের চাপের কারণে গত ছয় দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৬২ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি এবং পশ্চিম টোলপ্লাজা (ঢাকামুখী লেন) দিয়ে ১ লাখ ৩ হাজার ৬৬৫টি যানবাহন পার হয়েছে।

এ সময়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় আদায় হয়েছে ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২২ মে একদিনেই ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহনে টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহনে টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহনে টোল আদায় হয় ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা। ২৭ মে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।

আরও পড়ুন: রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপের কারণে সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার গুণ বেশি যানবাহন চলাচল করেছে। পুরো সময়জুড়েই মহাসড়কে যানবাহনের চাপ ছিল। বুধবার বিকেল থেকে ধীরে ধীরে চাপ কমতে শুরু করে।

তিনি আরও জানান, অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে টোল প্লাজায় নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি অতিরিক্ত চারটি বুথ চালু রাখা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়