তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ২৫ মে ২০২৬

পৃথিবীর বাইরে বিদ্যুৎ উৎপাদনের পথে ইলন মাস্কের নতুন উদ্যোগ

পৃথিবীর বাইরে বিদ্যুৎ উৎপাদনের পথে ইলন মাস্কের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি চাহিদা মেটাতে নতুন সমাধান খুঁজছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তবে তার সাম্প্রতিক পরিকল্পনা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক বিশ্লেষণে বলা হয়েছে, পৃথিবীর সৌরবিদ্যুতের পরিবর্তে এখন মহাকাশভিত্তিক সৌরশক্তির দিকে ঝুঁকছেন মাস্ক।

একসময় বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন তিনি। তার প্রতিষ্ঠান টেসলা দীর্ঘদিন ধরে ‘সোলার ইলেকট্রিক ইকোনমি’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে তার আরেক প্রতিষ্ঠান এক্সএআই এআই ডেটা সেন্টার চালাতে প্রাকৃতিক গ্যাসচালিত টারবাইন ব্যবহার করছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এক্সএআই ইতোমধ্যে ডেটা সেন্টারের জন্য বিপুল পরিমাণ গ্যাস টারবাইন ব্যবহার করছে। পাশাপাশি ভবিষ্যতে প্রায় ২.৮ বিলিয়ন ডলারের গ্যাসভিত্তিক বিদ্যুৎ সরঞ্জাম কেনার পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে স্পেসএক্স সম্প্রতি এক নথিতে মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরেছে। সেখানে দাবি করা হয়, মহাকাশে সৌরপ্যানেল থেকে পৃথিবীর তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তি পাওয়া সম্ভব, কারণ সেখানে দিন-রাতের কোনো বাধা থাকে না।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করে সেখানে এআই পরিচালনার পরিকল্পনাও থাকতে পারে মাস্কের। এতে পৃথিবীর জমি ব্যবহার, পরিবেশগত বাধা এবং স্থানীয় বিরোধিতার মতো সমস্যা অনেকটাই কমে আসবে।

তবে এই ধারণা বাস্তবায়ন সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহাকাশে ডেটা সেন্টার স্থাপন, সেগুলো নিরাপদ রাখা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা—সবকিছুই অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিগতভাবে জটিল।

আরও পড়ুন: এআই জেনারেটেড কন্টেন্ট এর প্রসার সীমিত করবে লিংকডইন

এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের ডেটা সেন্টারগুলো প্রায় ৪০ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, যা ভবিষ্যতে টেরাওয়াট পর্যায়ে পৌঁছাতে পারে।

এ অবস্থায় ইলন মাস্ক দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছেন বলে মনে করা হচ্ছে। তবে সমালোচকদের মতে, পৃথিবীতে সৌরবিদ্যুতের সম্ভাবনা এখনো ব্যাপক—তাই মহাকাশে বিনিয়োগের আগে পরিচ্ছন্ন জ্বালানিতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়