আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অভ্যুত্থানচেষ্টার সময় সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে তিনি নিহত হন।
দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সামাজিক সহায়তামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ৩১ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মসজিদে ‘বেহেশতের টিকিট বিক্রির’ ইমাম নিয়োগ হচ্ছে: আইনমন্ত্রী
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিভিন্ন মত ও মূল্যায়ন রয়েছে। প্রতি বছর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের মানুষ দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করে থাকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








