News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ৩০ মে ২০২৬
আপডেট: ১১:১২, ৩০ মে ২০২৬

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: রাষ্ট্রপতি

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন, বলিষ্ঠ নেতৃত্ব, প্রশ্নাতীত সততা এবং কর্মমুখী রাষ্ট্রনায়কসুলভ ব্যক্তিত্ব জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (৩০ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার প্রত্যয় এবং স্বনির্ভর উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিহত হন।

রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের আহ্বান জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় জনগণকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল উৎপাদনমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার একটি রূপরেখা।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ রক্ষায় জিয়াউর রহমান ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ঢাকায় আজও গরমের দাপট, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা

রাষ্ট্রপতি বলেন, স্বল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে জিয়াউর রহমান দেশের উন্নয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও স্মরণীয় হয়ে আছে। সূত্র: বাসস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়