১৭ বছর ধরে দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে আমরা ১৭ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করতে পারিনি। আজ আমরা অনেক বেশি স্বাধীনভাবে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ পেয়েছি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সরকার সেই লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।
বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান পুরোনো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তার প্রবর্তিত দর্শন ও নীতিমালা এখনও প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, আজ তার যোগ্য পুত্র তারেক রহমান সেই আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। আমরা বারবার শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই এবং তার স্বপ্নের আধুনিক বাংলাদেশ গঠনে কাজ করতে চাই।
আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনের আলোকে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সেই পথ অনুসরণ করেই এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








