News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ৩০ মে ২০২৬
আপডেট: ০৯:১০, ৩০ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার বক্তব্যটি আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।’

পোস্টে ববি হাজ্জাজ দাবি করেন, একটি পডকাস্টে দেওয়া তার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, মন্তব্যগুলো ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যা সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণাভিত্তিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য কখনোই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না।

পোস্টে তিনি উচ্চশিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন। গবেষণায় পর্যাপ্ত গুরুত্ব না দেওয়া, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং প্লেজারিজমের মতো অনৈতিক একাডেমিক চর্চার সমালোচনা করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, আলোচিত পডকাস্টটি ছিল একটি অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত কথোপকথন। এটি কোনো গবেষণাভিত্তিক বা নীতিনির্ধারণী আলোচনা ছিল না। আনুষ্ঠানিক পরিসরে হলে বক্তব্যের ভাষা ও উপস্থাপনা আরও কাঠামোবদ্ধ হতো বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও জাতি গঠনে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি চান বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান অর্জন করুক।

আরও পড়ুন: শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

শেষে তিনি বলেন, তার বক্তব্যে সৃষ্ট ভুল বোঝাবুঝিতে অনেকে কষ্ট পেয়েছেন। এজন্য তিনি বক্তব্যটি সম্পূর্ণ প্রত্যাহার করে নিচ্ছেন এবং এ বিষয়ে আর কোনো বিতর্ক না থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়