News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ৩০ মে ২০২৬

বাস্তব ঘটনার গল্পে নার্সের ভূমিকায় কঙ্গনা

বাস্তব ঘটনার গল্পে নার্সের ভূমিকায় কঙ্গনা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত এবার হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে। তার নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’-তে একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক।

প্রকাশিত মোশন পোস্টারে কঙ্গনাকে ক্ষতবিক্ষত মুখ, গালে রক্তের দাগ এবং চারপাশে আগুনের আবহে একজন রোগীকে সাহায্য করতে দেখা যায়। নার্সের পোশাকে তার এই লুক ইতোমধ্যে দর্শকদের আগ্রহ কাড়তে শুরু করেছে।

পোস্টারটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘বিশেষ কিছু করেও তারা সাধারণই থেকে যান। তারা আমাদের চোখের সামনেই থাকেন, কিন্তু নজরে আসেন না।’

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার গল্প ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অসাধারণ সাহসিকতাকে কেন্দ্র করে। ওই হামলার সময় হাসপাতালের কর্মীরা প্রায় ৪০০ রোগীকে নিরাপদে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ছবিটি নিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা প্রায়ই বীরত্বের গল্প উদযাপন করি। কিন্তু প্রকৃত সাহস অনেক সময় নীরব থাকে। “ভারত ভাগ্য বিধাতা” সাহস, ত্যাগ, মানবতা ও ঐক্যের এক অনুল্লেখিত গল্প। এটি সেইসব সাধারণ মানুষের কাহিনি, যারা সন্ত্রাস ও জীবনের মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।’

মনোজ তাপাদিয়ার রচনা ও পরিচালনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভ, এষা দে, প্রিয়া বের্দে, আশা শেলার, সুহিতা থাত্তে, রসিকা আগাশে, আদিত্য মিশ্র ও জাহিদ খান।

আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: ১০৩ প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘রকস্টার’

উল্লেখ্য, গত কয়েক বছরে কঙ্গনা রনৌতের অভিনীত ‘ইমার্জেন্সি’, ‘তেজস’, ‘চন্দ্রমুখী ২’, ‘ধাকড়’ ও ‘থালাইভি’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তার সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ছিল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’, যা ২০১৯ সালে মুক্তি পায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ

পাঠকপ্রিয়