বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০২, ২৭ মে ২০২৬

শাকিব খানের সঙ্গে কাজ করাটা আশীর্বাদ: সুনিধি

শাকিব খানের সঙ্গে কাজ করাটা আশীর্বাদ: সুনিধি

ছবি: সংগৃহীত

গান দিয়ে পরিচিতি পেলেও এবার বড় পর্দায় পা রাখছেন দুই বাংলায় পরিচিত মুখ সংগীতশিল্পী সুনিধি নায়েক। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া একটি নতুন চলচ্চিত্রের টিজারে তাঁর উপস্থিতি ইতিমধ্যে দর্শক মহলে বেশ কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে। ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই শিল্পী।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে ‘আ ব্লেসিং ইন ইটসেলফ’ বা নিজের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন সুনিধি। শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, উনি এমন একজন মেগাস্টার, যার সঙ্গে যে কেউ কাজ করতে চাইবে। কাজের ক্ষেত্রে তিনি ভীষণ ডেডিকেটেড; একটি দৃশ্য নিখুঁত না হওয়া পর্যন্ত লেগে থাকেন। আবার একই সঙ্গে মানুষ হিসেবে তিনি বেশ ফানি বা রসিকও বটে।

সিনেমার টিজার প্রকাশের পর পরিচিত ও কাছের মানুষদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সুনিধি। তবে তিনি নিজে কাজ প্রকাশের আগে এটি নিয়ে খুব বেশি ঢাকঢোল পেটাতে চাননি, বরং চেয়েছিলেন দর্শকরা আগে তাঁর কাজ দেখুক।

প্রথমবার বড় পর্দায় আসা নিয়ে কোনো বাড়তি মানসিক চাপ অনুভব করছেন না সুনিধি। 

অভিনয়ের মূল্যায়ন প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, জীবনের সব কাজই তো আর ভালো হবে না। মানুষ কাজ দেখে প্রশংসা করতে পারেন, আবার সমালোচনাও করতে পারেন দুটোই আমার কাছে গ্রহণযোগ্য। আমি চাই শুধু কাজ নিয়েই কথা হোক।

বিশ্ববিদ্যালয় জীবনে ‘ড্যান্স ড্রামা’ নিয়ে পড়াশোনা ও কাজ করার অভিজ্ঞতা থাকায় অভিনয়কে শিল্পেরই আরেকটি রূপ হিসেবে দেখছেন তিনি।

আরও পড়ুন: মানুষ আমাকে এখনও পাগলী বলেই চেনে: নাজিফা তুষি

সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটলেও এই চলচ্চিত্রে সুনিধির কোনো গান থাকছে না। তবে ভক্তদের নিয়মিত বড় পর্দায় পাওয়ার সম্ভাবনা কম। 

এ প্রসঙ্গে তিনি জানান, অভিনয় তার ভালো লাগার জায়গা হলেও জীবনের মূল অগ্রাধিকার বা ফার্স্ট প্রায়োরিটি সবসময় মিউজিক। নিজের ঘরে শান্তিতে গান তৈরি করাই তার জীবনের মূল স্বপ্ন। তাই ভবিষ্যতে কেবল ভালো স্ক্রিপ্ট ও ভালো চরিত্র পেলেই বেছে বেছে কিছু চলচ্চিত্রে অভিনয় করবেন।

দেশীয় অভিনয়ে নিজের পছন্দের তালিকায় শাকিব খানের পাশাপাশি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করেন সুনিধি। প্রথম থেকেই জয়া আহসানের অভিনয় তার ভীষণ পছন্দ।

চলচ্চিত্রটিতে যুক্ত হওয়ার গল্পটা বেশ হুট করেই। পরিচালক আজমান রুশোর আমন্ত্রণে যখন তিনি স্ক্রিপ্ট লেখার টেবিলে যান, তখন দুই-তিন মাসের মধ্যেই আকস্মিকভাবে এই প্রজেক্টের কাজ চূড়ান্ত হয়ে যায়। তবে এটিই তার একমাত্র কাজ নয়; গত দু-এক বছর ধরে আরও কিছু সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট ও শুটিংয়ের সাথে তিনি যুক্ত আছেন। এই সিনেমাটি প্রথমে মুক্তি পেলেও, চলতি বছর এবং আগামী বছরে তাঁর আরও কিছু চলচ্চিত্র দর্শক দেখতে পাবেন।

সাধারণত কোরবানির ঈদে সুনিধি কলকাতায় সময় কাটালেও, এবার নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পাওয়ার কারণে ঢাকাতেই অবস্থান করবেন। ঈদের চেনা আমেজে ঘরের খাবার খাওয়া আর বিশ্রামের পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখতে সিনেমা হলে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়