মানুষ আমাকে এখনও পাগলী বলেই চেনে: নাজিফা তুষি
নাজিফা তুষি। ছবি: সংগৃহীত
সিনেমার চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানান রূপে হাজির হতে হয় ক্যামেরার সামনে। এবার সেই অভিজ্ঞতার নতুন এক দিক তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ‘পাগলী’ চরিত্রে গাওয়া একটি গান বাস্তবেও পরিবেশন করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তুষি। তিনি জানান, শুরুতে গানটি গাওয়ার সময় বেশ ভয় ও নার্ভাসনেস কাজ করছিল তার মধ্যে।
তুষি বলেন, ‘প্রথমে আমি খুব নার্ভাস ছিলাম। ভয় পেয়ে একদম স্টিফ হয়ে গিয়েছিলাম। এটা তো একটা পাগলীর গান, তাই সেই ভাবনা থেকেই গেয়েছি। এখন সবাই খুব পছন্দ করছে দেখে ভালো লাগছে।’
অভিনেত্রী জানান, ‘রইদ’ সিনেমায় ‘পাগলী’ চরিত্রে অভিনয়ের সময় গ্রামের মানুষের সঙ্গে তার আলাদা এক সখ্য গড়ে ওঠে। তাদের মুখে শোনা বিভিন্ন গান থেকেই চরিত্রটির আবহ তৈরি হয়েছিল।
তার ভাষ্য, সিনেমার শুটিংয়ের সময় তিনি চরিত্রের অংশ হিসেবেই গুনগুন করে গান গাইতেন। পরে সিনেমা মুক্তির আগে টিমের সদস্যরা সেই গানটি কাভার আকারে প্রকাশের প্রস্তাব দেন।
তুষি বলেন, ‘আমার টিমমেটরা সাহস দিয়েছে। তারা বলেছে, “যা হবে দেখা যাবে, মজা হবে।” এরপরই গানটি করি। এখন দর্শকরা এত পছন্দ করছে যে সত্যিই খুব ভালো লাগছে। মানুষকে একটু আনন্দ দিতে পেরেছি, এটিই সবচেয়ে বড় পাওয়া।’
আরও পড়ুন: কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাইয়ের ঝলমলে উপস্থিতি
গ্রামের মানুষের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, গ্রামের মানুষ এখনও তাকে সিনেমার ‘পাগলী’ চরিত্র হিসেবেই চিনে। ভিডিও কলে কথা বললে তারা অবাক হয়ে বলেন, ‘তুই এত সুন্দর হয়ে গেছস কেন?’ এমন অনেক মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তুষি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








