মসজিদে ‘বেহেশতের টিকিট বিক্রির’ ইমাম নিয়োগ হচ্ছে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
মৌলবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে একটি বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া এলাকাসহ আশপাশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে একটি সুনির্দিষ্ট অপশক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এমনকি স্থানীয় মসজিদগুলোতে এক ধরনের বিশেষ মতাদর্শের ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে, যারা পরোক্ষভাবে ‘বেহেশতের টিকিট বিক্রি’র মতো বিভ্রান্তিকর ও মৌলবাদী তৎপরতা চালাচ্ছে। এই ধরনের অপতৎপরতা বন্ধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় কোনো রাজনৈতিক পরিচয় না দেখে, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহ্যবাহী শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত এক জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত এই মিলনমেলায় মন্ত্রী নিজের ছাত্রজীবনের স্মৃতি চারণ করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা ও জাফর হোসেন মোল্লাসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বরদাস্ত নয়: মির্জা ফখরুল
বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী শেখপাড়া এলাকার বর্তমান চিত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই জনপদে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানে মাদক ও মৌলবাদের বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
তিনি উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক সমর্থন চাচ্ছি না, আমার দল করারও কোনো প্রয়োজন নেই। আমি শুধু চাই, এই অঙ্গনের একজন সাবেক ছাত্র হিসেবে আপনারা শৈলকুপাকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাখুন। আপনাদের সন্তানদের আগামী ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং মাদকের মরণছোবল থেকে সমাজকে বাঁচাতে আপনারাই হবেন আমার স্বপ্নের সারথি।
তিনি স্পষ্ট করে জানান, মাদক ও মৌলবাদ সামাজিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি এবং এর বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না।
এলাকার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে আইনমন্ত্রী জানান, শৈলকুপা থানায় বর্তমানে মোট ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৬৮টি প্রতিষ্ঠানে সরকারি অনুদান নিশ্চিত করা হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দুটি ধাপে আরও প্রায় ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন আধুনিক ভবন নির্মাণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, সরকারি বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা করা হচ্ছে না, বরং যেখানে প্রকৃত প্রয়োজন রয়েছে সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে।
নিজের স্মৃতিবিজড়িত দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের অবকাঠামোগত অবকাঠামোর কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এই প্রতিষ্ঠানটিকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর নতুন ভবনের টেন্ডার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








