News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৫, ১ জুন ২০২৬

চলতি বছরে হজে গিয়ে এ পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

চলতি বছরে হজে গিয়ে এ পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী।

বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টাল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ রবিবার (৩১ মে) দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন নওগাঁর বাসিন্দা মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. শাহজাহান আলী। আবদুল মজিদ মদিনায় এবং শাহজাহান আলী মক্কায় মারা যান।

এদিকে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। গত রোববার পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রী পরিবহনে ঢাকা থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন, দেশে ফিরছেন হাজিরা

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়