News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪২, ১ জুন ২০২৬
আপডেট: ২১:৪৩, ১ জুন ২০২৬

নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা: ডিএসসিসি প্রশাসক

নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা: ডিএসসিসি প্রশাসক

কথা বলেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রিকশা ও অটোরিকশাকে নিবন্ধন এবং লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, চালকদের পরিচয় ও কার্যক্রম সুনির্দিষ্ট করতে সিটি করপোরেশনের মাধ্যমে নিবন্ধন, নম্বরপ্লেট এবং লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হবে।

সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল।

আবদুস সালাম বলেন, ঢাকা শহরে দীর্ঘদিন ধরে যানজট ও পরিবহন বিশৃঙ্খলা বিদ্যমান। রিকশা, অটোরিকশা কিংবা ভ্যান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে এসব যানবাহনকে অবশ্যই নিয়ম ও শৃঙ্খলার আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, যেভাবে হকারদের একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে, একইভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশাকেও নিবন্ধনের আওতায় আনা হবে। এতে চালকদের পরিচয় নিশ্চিত হবে এবং নগর পরিবহন ব্যবস্থাপনায় জবাবদিহি বৃদ্ধি পাবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, যে কেউ বাইরে থেকে এসে রাজধানীতে রিকশা চালানো শুরু করলে তা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তাই চালকদের নির্দিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিবন্ধন ও লাইসেন্স ব্যবস্থা চালু করা গেলে যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং সিটি করপোরেশন এসব যানবাহনের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবে।

আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, এসব যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে ব্যাটারিচালিত রিকশা পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামতও নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়