সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মারা গেছেন
মো. আব্দুল মতিন। ফাইল ছবি
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
মরহুমের ভাতিজা ফরহাদ আহমদ জানান, সোমবার দুপুরে ঢাকার বাসভবনে তার মৃত্যু হয়। মরদেহ কুলাউড়ায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








