স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারবেন: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে যে কোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, ব্যক্তিগত পরিচয়ে অনুষ্ঠিত হবে। কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার তার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় দলটির নাম বা পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি নিজস্ব পরিচয়ে প্রার্থী হলে, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই হোক না কেন, নির্বাচনে অংশগ্রহণে বাধা থাকবে না।
এ সময় তিস্তা নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের একটি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের
তিনি জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এ অর্থ বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেও বহন করতে সক্ষম। তবে কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও উন্মুক্ত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








