রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের
ছবি: সংগৃহীত
আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। সেখানে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে রুশ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে। উভয়পক্ষ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশই একমত হয়েছে যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। এ ক্ষেত্রে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধের রাশিয়ার বাজারে প্রবেশ ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে প্রযুক্তি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রয়োগ বিষয়ে রাশিয়ার একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
নিউজবাংলাদেশ.কম/এসবি








