সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশসংবলিত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। চলতি বছরের ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ২০ নভেম্বর পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর ১০ দিন পর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।
অধ্যাদেশ অনুযায়ী, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থা ও ছুটিসহ বিচার বিভাগ-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়। ২০২৫ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সচিবালয়ের কার্যক্রম শুরু হয়।
তবে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিচারক নিয়োগ ও সচিবালয়-সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিলের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাস হয়।
বিলটি পাসের সময় বিরোধী দলের সদস্যরা এটিকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন। আইনটি কার্যকর হওয়ার ফলে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় তার আইনগত ভিত্তি হারায় এবং বিচার বিভাগ-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পুনরায় পূর্ববর্তী কাঠামোয় ফিরে যায়।
আরও পড়ুন: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
এরই মধ্যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করলে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। মঙ্গলবার প্রাথমিক শুনানি শেষে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত রাখার নির্দেশ দেন আপিল বিভাগ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








