স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ১০ জুন ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সমর্থন চেয়েছে ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাস। এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যতিক্রমধর্মী পোস্ট প্রকাশ করা হয়, যেখানে দুই দেশের বন্ধুত্ব, অভিন্ন বৈশিষ্ট্য এবং ফুটবলপ্রেমের কথা তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ যেহেতু ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা নরওয়ে হতে পারে বাংলাদেশি সমর্থকদের জন্য একটি আদর্শ দল।

নরওয়ের দূতাবাস আরও উল্লেখ করে, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি ছিল নরওয়ে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, মধ্যস্থতা এবং জলবায়ু ইস্যুতেও দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে চলছে।

পোস্টে দুই দেশের আরও কিছু মিল তুলে ধরা হয়। যেমন- উভয় দেশই নদী ও সাগরঘেরা, মাছের প্রতি মানুষের আগ্রহ রয়েছে এবং ন্যায়বিচার ও সমতার মূল্যবোধকে গুরুত্ব দেয়। একই সঙ্গে বলা হয়, আকার বা জনসংখ্যার বিচারে তুলনামূলক ছোট হলেও বৈশ্বিক পরিসরে বাংলাদেশ ও নরওয়ের স্বপ্ন অনেক বড়।

দূতাবাসের ভাষ্য, যারা এখনও কোনো দলকে সমর্থনের সিদ্ধান্ত নেননি, তাদের জন্য বাড়তি আকর্ষণ হতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আর্লিং ব্রাউট হালান্ড। 

পোস্টের শেষাংশে বাংলাদেশিদের উদ্দেশে বলা হয়, আন্ডারডগদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময় এসেছে।

আরও পড়ূন: ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশি ব্যবহারকারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়