টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন
রাহুল অরুণোদয়। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর খবর ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।
জানা গেছে, রবিবার (২৯ মার্চ) তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ের সময় সমুদ্রে নামেন ৪৩ বছর বয়সী রাহুল। হঠাৎ সমুদ্রে তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ধারাবাহিকের সহঅভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। রাহুল আরও কিছু শট দিতে সমুদ্রে গিয়েছিলেন। তিনি জানান, “জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন এটা মেনে নেওয়া কঠিন।”
রাহুল অরুণোদয় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। অভিনয় জীবনে তিনি প্রায় ৪৫০টি নাটকে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্র চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। বাণিজ্যিক ও মূলধারার সিনেমা উভয় ধারাতেই তিনি সমানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জ্যাকপট, পরান যায় জ্বলিয়া রে, কাগজের বউ এবং আকাশ অংশত মেঘলা।
ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিয়ে করেছিলেন রাহুল। ২০১৭ সালে তারা আলাদা হয়ে যান এবং পরে বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি রাহুল সহজকথা নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন, যা যথেষ্ট আলোচিত হয়েছিল।
আরও পড়ুন: মা হওয়ার পর আমি যেন বাঘিনি হয়ে উঠেছি: কিয়ারা
রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যু বাংলা বিনোদন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








