News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ৫ এপ্রিল ২০২৬

পোশাককর্মীদের বিক্ষোভ ও অবরোধে স্থবির মহাখালী-তেজগাঁও রুট

পোশাককর্মীদের বিক্ষোভ ও অবরোধে স্থবির মহাখালী-তেজগাঁও রুট

ছবি: নিউজবাংলাদেশ

রাজধানীর তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। 

রবিবার (০৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দিলে গুলশান-মহাখালী রুটে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার পর মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সমবেত হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তেজগাঁও-মহাখালী-উত্তরা এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই অবরোধে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালীন উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং জনভোগান্তি কমাতে গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দ্রুত ডাইভারশন মেনে চলার অনুরোধ জানানো হয়। 

আরও পড়ুন: ‘বৈশ্বিক সংঘাতে দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’

ট্রাফিক পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, উত্তরা থেকে মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হবে। উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওগামী যানবাহনগুলোকে মহাখালী ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এছাড়া বিকল্প হিসেবে কাকলী থেকে বামে মোড় নিয়ে কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার অথবা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিল অভিমুখী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল।

পুলিশের তৎপরতা ও শ্রমিকদের সাথে আলোচনার প্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান। এরপরই স্থবির হয়ে পড়া ওই গুরুত্বপূর্ণ রুটগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

ট্রাফিক পুলিশ নিশ্চিত করেছে যে, বর্তমানে মহাখালী, নাবিস্কো ও তেজগাঁও লিংক রোড এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত জটলা নেই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়