News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩৪, ৫ এপ্রিল ২০২৬

‘বৈশ্বিক সংঘাতে দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’

‘বৈশ্বিক সংঘাতে দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’

ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিশ্বজুড়ে চলমান এ সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে এর প্রভাবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (০৩ এপ্রিল) রাজধানী ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি কর্মসূচিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কেরাণীগঞ্জে গ্যাস লাইটারের কারখানায় আগুন: ৫ জনের মৃতদেহ উদ্ধার

হুইপ নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও গুরুতরভাবে পড়তে পারে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সামগ্রিক নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের পরিস্থিতি অতীতের বড় সংকটগুলোর চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। এমনকি এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়