News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ৪ এপ্রিল ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ৮

ছবি: সংগৃহীত

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাতের এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৮ ছিল বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটি জানায়, ভূকম্পনের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮১ কিলোমিটার গভীরে।

আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, কাবুল প্রদেশের বাগরামি জেলায় নিহতদের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে এই ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া দপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.২ এবং গভীরতা প্রায় ১৯০ কিলোমিটার বলে জানিয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

ভারতের দিল্লি, জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও উত্তরাখণ্ডসহ বিভিন্ন অঞ্চলেও কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসেন। তবে ভারতের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে খাদ্যের দাম, জাতিসংঘের সতর্কতা

ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হিন্দুকুশ ফল্ট লাইনে মাঝেমধ্যেই এ ধরনের ভূমিকম্প হয়ে থাকে, যার প্রভাব দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়