অনলাইন ক্লাস নিয়ে মতবিনিময় সভা বুধবার
ছবি: নিউজবাংলাদেশ
বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব মোকাবিলায় দেশের মহানগর এলাকার স্কুল-কলেজগুলোতে সরাসরি পাঠদানের পরিবর্তে আবারও অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী বুধবার (৮ এপ্রিল) সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টায় সভাটি শুরু হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা, নগরীর যানজট নিরসনের প্রয়োজন এবং বৈশ্বিক জ্বালানি সংকটজনিত পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রম সচল রাখা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে সরাসরি শ্রেণিকক্ষের পাঠদানের পরিবর্তে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণে আলোচনা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ
আগামী ৮ এপ্রিল দুপুর দেড়টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ববি হাজ্জাজ।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








