আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা প্রকাশ্যে তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, যা তার ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মন্ত্রীর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করা হয়।
আরও পড়ুন: কারও ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
বাদীপক্ষের আইনজীবী ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মামলার আরেক আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন অভিজ্ঞ রাজনীতিক; তিনি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তার পারিবারিক ও রাজনৈতিক পরিচিতি সুপ্রতিষ্ঠিত। তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে আখ্যায়িত করায় তার ব্যক্তিগত সম্মানহানি ঘটেছে বলে তারা মনে করছেন।
এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা এবং স্থানীয় বিএনপি নেতারা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন প্রভাবশালী ও প্রতিষ্ঠিত রাজনীতিকের বিরুদ্ধে এ ধরনের ‘নির্লজ্জ মিথ্যাচার’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








