সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত
এক-এগারোর পটপরিবর্তনের আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
ডিবির তথ্যমতে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি এবং ঢাকা মহানগরে ৫টিসহ মোট ১১টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পল্টন থানার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানির সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে মাসুদ উদ্দিন চৌধুরী গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেন। সে সময় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক ছিলেন। তার নেতৃত্বে দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যাপক আলোচিত ও বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত।
পরবর্তীতে ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান এবং পরবর্তী সময়ে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন এবং রাজনীতিতে সক্রিয় হন।
আরও পড়ুন: জামিন পেলেন ইনু-মেনন-বিচারপতি মানিক
তিনি জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








