ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) সকালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চার আরোহীর মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, পিকআপটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। বাসটি জব্দ করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কুমিল্লার দুর্ঘটনার ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
দুর্ঘটনার পর মহাসড়কের মাধবপুর অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








