জামালপুরে ড্রাম ব্রিজ ধস, নিহত বেড়ে ৪
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ড্রাম ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছিল।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চার শিশু হলো- দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে প্রতি বছরই ব্রিজ ও আশপাশে মানুষের ব্যাপক সমাগম ঘটে। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় অতিরিক্ত চাপের মুখে হঠাৎ সেটি ভেঙে পড়ে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ূন: জামালপুরে ব্রিজ ভেঙে ৩ শিশুর মৃত্যু
এদিকে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








