আজ খোলা থাকছে ব্যাংকের যেসব শাখা
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের কয়েকটি শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ১০ মার্চের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কিছু এলাকায় ব্যাংকের নির্বাচিত শাখাগুলো স্বল্পসংখ্যক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকাগুলোর শাখা এ বিশেষ ব্যবস্থার আওতায় রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময়ে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি থাকবে।
গত ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি আর্থিক কার্যক্রম সচল রাখতে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন ব্যাংক আজ নির্দিষ্ট কয়েকটি শাখা খোলা রেখেছে। প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখায় সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখা খোলা রেখেছে।
ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা চালু রয়েছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুর অঞ্চলের কয়েকটি শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখাও খোলা রেখেছে। এনসিসি ব্যাংক মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে।
এ ছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কাওরান বাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলী রোডসহ কয়েকটি শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম চালাচ্ছে।
আরও পড়ুন: জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জাহাজ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত বিশেষ ভাতা পাবেন। পোশাক খাতের আর্থিক লেনদেন সচল রেখে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এ বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








