সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত
ছবি: সংগৃহীত
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে ৭টি উদ্ধার করা হয়েছে। বাকি দুইটি বগি উদ্ধারে তৎপরতা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও অব্যাহত রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে, উত্তরের এই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ট্রেন দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়ে অন্য একটি ট্রেনে উঠে নিজেদের গন্তব্যে রওনা দিচ্ছেন।
এর আগে বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
আরও পড়ুন: ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে দুটি উদ্ধারকারী দলের প্রায় ৪০০ কর্মী লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








