মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আইএমওর বিশেষ বৈঠকে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বজুড়ে সমুদ্রপথে জাহাজ চলাচলের ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার জোরালো আহ্বান জানানো হয়েছে।
লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট এবং বিশ্ব অর্থনীতি ও নৌ-পরিবহন খাতে এর নেতিবাচক প্রভাব পর্যালোচনার জন্য আইএমও এই জরুরি সভার আয়োজন করে।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই গুরুত্বপূর্ণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম।
অধিবেশনে ড. নজরুল ইসলাম তার বক্তব্যে যুদ্ধকবলিত অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সকল সমুদ্রকর্মীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য সন্তান জন্মদান ও চাকরি নিষিদ্ধ
তিনি বলেন, বাংলাদেশি নাবিক তথা বিশ্বজুড়ে কর্মরত সকল সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
এ সময় তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (UNCLOS)-এর প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ সবসময়ই সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের অধিকারে বিশ্বাসী এবং এ বিষয়ে আন্তর্জাতিক নীতিমালার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে।
বিদ্যমান সংকট নিরসনে কোনো একক দেশ নয়, বরং সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল। অধিবেশনে তারা উল্লেখ করেন যে, একমাত্র গঠনমূলক সংলাপ ও কার্যকর কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই বৈশ্বিক সংকট সমাধান করা সম্ভব। বৈশ্বিক সাপ্লাই চেইন সচল রাখতে এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








