News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ২১ মার্চ ২০২৬

দেশে ফিরেছেন ইরান-বাহরাইনে আটকে পড়া ২৮২ বাংলাদেশি

দেশে ফিরেছেন ইরান-বাহরাইনে আটকে পড়া ২৮২ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের ভয়াবহতায় সৃষ্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন ইরান ও বাহরাইনে আটকে পড়া ২৮২ জন বাংলাদেশি প্রবাসী। 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে গালফ এয়ারের বিশেষ ফ্লাইটটি প্রবাসীদের নিয়ে ঢাকায় পৌঁছায়। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বাহরাইনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর এটিই বাংলাদেশে আসা প্রথম কোনো বিশেষ ফ্লাইট। শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর প্রিয়জনদের কাছে ফিরতে পেরে প্রবাসীদের চোখেমুখে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই জানান, যুদ্ধ পরিস্থিতিতে বিদেশের মাটিতে চরম উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছিল তাদের।

আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতার অংশ হিসেবে আজারবাইজানের বাকু থেকেও আরও ২৮০ জন বাংলাদেশি দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিজি-৫৩০২ ফ্লাইটটি বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের এই বিমানটি রাত ১টা ২৭ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানানোর কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার জানিয়েছেন, আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় কয়েক দফায় ফ্লাইট বাতিল হলেও দূতাবাসের সমন্বয়ে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে কিছু বাংলাদেশি ফিরতে পারলেও ইরান থেকে একটি বড় দলকে ফেরানোর ঘটনা এটিই প্রথম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় একদিকে যেমন প্রবাসীরা সেখানে আটকা পড়েছেন, অন্যদিকে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী পুনরায় কর্মস্থলে ফিরতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ফেরা প্রবাসীরা তাদের অভিজ্ঞতায় জানান, একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফেরা নিয়ে গভীর অনিশ্চয়তায় ছিলেন। মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তৎপরতায় গালফ এয়ারের মাধ্যমে এই বিশেষ যাত্রার সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়