News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৫, ২১ মার্চ ২০২৬

ঈদে দুপুরের মধ্যে ১৫ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঈদে দুপুরের মধ্যে ১৫ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি: নিউজবাংলাদেশ

এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও, এবারের ঈদের সকালে প্রকৃতির মেজাজ কিছুটা ভিন্ন। সকাল থেকেই ঈদের জামাত ও কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে দিনটি শুরু হয়েছে। তবে দেশের বড় একটি অংশে বৃষ্টির সম্ভাবনা থাকায় উৎসবের আনন্দ কিছুটা বিঘ্নিত হতে পারে। আকাশের গুমোট ভাবও মানুষকে কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৫ জায়গায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকেই ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ধর্মপ্রাণ মানুষ একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন, যা সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বয়ে আনে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এ সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে বজ্রসহ বর্ষণ

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর প্রভাবে দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও আশেপাশের এলাকায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী বজ্রসহ বৃষ্টি বা বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যা কখনও কখনও ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্য আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৬টা ১ মিনিটে সূর্যোদয় হবে।

ঈদের এই বিশেষ দিনে উৎসবের আনন্দ বজায় রাখার পাশাপাশি আকস্মিক আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়