ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট
ছবি: সংগৃহীত
ঈদে ঘরমুখো মানুষের ঢলের মধ্যেই বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করলে এই তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও দীর্ঘ হচ্ছে। ফলে চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে।
চন্দ্রা এলাকার যাত্রী আবুল হোসেন বলেন, রাস্তাজুড়ে শুধু যানজট আর মানুষ। গাড়ি ছেড়ে অটোরিকশায় করে এসেছি, কিন্তু এখানেও একই অবস্থা।
পাবনার সাঁথিয়া উপজেলায় যাওয়ার পথে হেমায়েত হোসেন বলেন, গাজীপুরেই আছি প্রায় আড়াই ঘণ্টা ধরে। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।
বগুড়াগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, ঈদের আগে এমন ভোগান্তি প্রায় প্রতিবছরই হয়। তবে এবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
আরও পড়ুন: দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানিয়েছেন, মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








