News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ২১:৩৬, ১৮ মার্চ ২০২৬

দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগুড়া দুর্ঘটনাকে ঘিরে ক্ষয়ক্ষতি কমানো, যাত্রীদের দুর্ভোগ লাঘব এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সরাসরি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।

প্রধানমন্ত্রী আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও জোর দেন তিনি।

আরও পড়ুন: ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জানা যায়, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার আদমদীঘি (সান্তাহার) এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনটির ৭ থেকে ৯টি বগি লাইনচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরও বগুড়া জেলার এই ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন তারেক রহমান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি আসনটি ছেড়ে দেন।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সহায়তা এবং রেল চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়