অ্যাকাউন্ট ছাড়াই চ্যাটের সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ
ছবি: সংগৃহীত
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার ‘গেস্ট চ্যাটস’ চালুর পরিকল্পনা করছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে।
নতুন এই ফিচারে ব্যবহারকারীরা একটি বিশেষ চ্যাট লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই লিঙ্ক শেয়ার করলে প্রাপক কোনো অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করা হবে, ফলে বার্তার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকবে। প্রতিটি গেস্ট ব্যবহারকারীর জন্য আলাদা আইডি তৈরি হবে, যা এনক্রিপশনের কাজে ব্যবহৃত হবে।
তবে ‘গেস্ট চ্যাটস’-এ কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। এই ফিচারে গ্রুপ চ্যাট, ছবি বা ভিডিও শেয়ারিং, ডকুমেন্ট, স্টিকার, জিআইএফ, ভয়েস মেসেজ বা কলিং সুবিধা থাকবে না। এটি মূলত টেক্সট মেসেজিংয়ের জন্যই ব্যবহার করা যাবে।
চ্যাট লিঙ্কটি এসএমএস, ই-মেইল বা অন্যান্য অ্যাপের মাধ্যমে সহজেই শেয়ার করা যাবে। প্রয়োজনে অতিথি ব্যবহারকারীকে ব্লক করার সুবিধাও থাকবে। তবে এই চ্যাট স্থায়ী নয়- ১০ দিন কোনো কার্যক্রম না থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং নতুন করে লিঙ্ক তৈরি করতে হবে।
আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতেও আমিরাতে চালু স্টারলিংক
এদিকে শিশু ও কিশোরদের জন্য প্ল্যাটফর্মটিকে আরও নিরাপদ করতে ‘কিডস ভার্সন’ চালুর পরিকল্পনাও রয়েছে। এতে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার সীমিত থাকবে এবং অনেক ফিচার সীমাবদ্ধ করা হবে, যাতে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








