ব্রাউজার থেকেই ওয়েবসাইট তৈরির নতুন টুল আনল ওয়ার্ডপ্রেস
ছবি: সংগৃহীত
ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া আরও সহজ করতে নতুন একটি ব্রাউজারভিত্তিক টুল চালু করেছে ওয়ার্ডপ্রেস। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই একটি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট খোলা, হোস্টিং নেওয়া বা ডোমেইন ঠিক করার প্রয়োজন হবে না।
নতুন সুবিধাটি ব্যবহার করতে যেতে হবে my.WordPress.net-এ। সেখানে একটি আলাদা ওয়ার্কস্পেস চালু হবে, যেখান থেকেই শুরু করা যাবে ওয়েবসাইট তৈরির কাজ। ওয়ার্ডপ্রেস বলছে, এটি মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি। ফলে সাধারণ ওয়েবসাইটের মতো সার্চ বা ট্রাফিক পাওয়ার জন্য এগুলো অপটিমাইজড থাকবে না। ব্যক্তিগত লেখা, নোট রাখা, গবেষণা কিংবা বিভিন্ন ধারণা নিয়ে কাজ করার জন্য এটি উপযোগী।
ওয়ার্ডপ্রেসের তথ্য অনুযায়ী, এখানে তৈরি করা সব কনটেন্ট ব্যবহারকারীর ব্রাউজারেই সংরক্ষিত থাকবে; সেগুলো কোনো সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে না। নতুন সাইট তৈরি শুরু করতে খুব বেশি তথ্যও দিতে হবে না। নাম দিলেই কাজ শুরু করা সম্ভব।
টুলটি তৈরি করা হয়েছেওয়ার্ডপ্রেস প্লেগ্রাউন্ড প্রযুক্তির ওপর ভিত্তি করে। আগে এই প্রযুক্তি ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের ডেমো সংস্করণ চালানো হতো। এখন একই প্রযুক্তিকে স্থায়ী ও ব্যক্তিগত ব্যবহারের উপযোগী রূপ দেওয়া হয়েছে।
নতুন এই প্ল্যাটফর্মে শুরুতে প্রায় ১০০ মেগাবাইট স্টোরেজ পাওয়া যাবে। এতে কিছু বিল্ট-ইন অ্যাপ বা প্লাগইনও থাকবে, যার মধ্যে ব্যক্তিগত আরএসএস রিডার, সিআরএম টুল এবং এআই-চালিত সহকারী উল্লেখযোগ্য। বিশেষজ্ঞদের মতে, নতুনদের ওয়েবসাইট তৈরির অনুশীলন এবং ডেভেলপারদের প্লাগইন বা নতুন ফিচার পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি কার্যকর হতে পারে।
আরও পড়ুন: মার্চে আকাশজুড়ে গ্রহ নক্ষত্রের মহাজাগতিক বিস্ময়
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও কম খরচের করার ক্ষেত্রে এ ধরনের টুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








