কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। নিহত ১২ জনের প্রত্যেকের পরিবারকে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মো. জাফর সাদিক চৌধুরী-কে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের এই কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
এদিকে দুর্ঘটনায় আহত আরও বেশ কয়েকজন যাত্রী বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পদুয়ার বাজার রেলক্রসিংয়ের মতো ব্যস্ত এলাকায় সিগন্যাল বা গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি সেই বিষয়টিও বিশেষভাবে খতিয়ে দেখবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








