মুক্তির শুরুতেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’
ছবি: সংগৃহীত
মুক্তির শুরুতেই বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বুধবার বিশেষ পেইড প্রিভিউ এবং বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মদিবস হওয়া সত্ত্বেও ছবিটির আয় কমার কোনো লক্ষণ নেই।
গত ১৮ মার্চ অনুষ্ঠিত পেইড প্রিভিউ থেকে সিনেমাটি প্রায় ৪৩ থেকে ৪৪ কোটি রুপি আয় করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন মাধ্যমে এই অঙ্কে সামান্য পার্থক্য দেখা গেছে।
এদিকে ১৯ মার্চ আনুষ্ঠানিক মুক্তির পর প্রথম দিনেই ছবিটি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে প্রিভিউসহ খুব অল্প সময়েই সিনেমাটির মোট আয় আরও বড় মাইলফলকের দিকে এগোচ্ছে।
মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অগ্রিম টিকিট বিক্রিও ছিল চোখে পড়ার মতো। তবে মুক্তির শুরুর দিকেই কিছু হলে কেডিএম জটিলতার কারণে শো বাতিল বা বিলম্বিত হওয়ার খবরও আসে। মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সির কর্ণধার মনোজ দেশাই দাবি করেন, সময়মতো কেডিএম না পৌঁছানোয় প্রায় ৫০০টি শো বাতিল হয়েছিল।
আরও পড়ূন: গ্ল্যামারের চেয়ে চরিত্রকেই প্রাধান্য দেন ঋতুপর্ণা
বুধবার রাতে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তারকাদের অনেকে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা নির্মাতা আদিত্য ধরের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেন, মুক্তির আগমুহূর্ত পর্যন্ত তিনি ছবির শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সামাজিক মাধ্যমে তিনি এ নিষ্ঠাকে বিরল ও অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








