ঈদে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
ছবি: সংগৃহীত
নীলাঞ্জনা নীলা ভক্তদের জন্য ঈদের বিশেষ চমক দিলেন। দীর্ঘ আট বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ বিয়ের ছবি প্রকাশ করে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।
নীলাঞ্জনা নীলা জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুই পরিবারের ভালোবাসা ও দোয়ায় ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিশেষ এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি বেছে নিয়েছেন ঈদের দিনটিকে।
বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন এক পোস্টে তিনি লেখেন, “আট বছর আগে আমাদের কোনো ধারণাই ছিল না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম শুধু দুজন মানুষ একসঙ্গে বড় হওয়া, হাসাহাসি করা, কিছুটা বন্য আর কিছুটা উদাসীন।”
জীবনের সেই পথচলার মোড় ঘোরার মুহূর্ত স্মরণ করে তিনি আরও লেখেন, “দীর্ঘ এই যাত্রায় কোনো এক সময়ে, না বুঝতেই তুমি হয়ে উঠলে আমার সবচেয়ে প্রিয় মানুষ।”
জীবনসঙ্গী সায়ানের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, “তুমি যেভাবে ভালোবাসা, শ্রদ্ধা আর সারল্য নিয়ে আমার হাত ধরেছিলে, তখনই বুঝেছিলাম জীবনের প্রতিটি অধ্যায়ে আমি তোমাকেই বেছে নেব।”
আরও পড়ু: শুভেচ্ছা বার্তার সঙ্গে শাকিবের ‘ঈদ উপহার’
সবশেষে ভক্তদের উদ্দেশে নীলাঞ্জনা বলেন, “এই ঈদের দিনে আমার জীবনের বিশেষ এই মুহূর্তটি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমাদের জন্য দোয়া করবেন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








