News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ২০ মার্চ ২০২৬

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এবং নৌবাহিনীর নিহত সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। আল জাজিরার লাইভ আপডেটেও ইরানের এমন দাবির কথা উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

এতে বলা হয়, যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা-এর ‘বীরদের রক্তের বদলা’ এবং ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। খতিব নিহত হওয়ার বিষয়েও একাধিক আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদন এসেছে।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো প্রাণহানি ঘটেছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৪ মার্চ, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের কাছাকাছি ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা টর্পেডো হামলার শিকার হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় অন্তত ৮৪ জন ইরানি নাবিক নিহত হন। যুদ্ধজাহাজটি ভারতের একটি নৌমহড়া শেষে ফিরছিল।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ‘টোল’ আদায়ের পরিকল্পনা ইরানের

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের এক হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এর জের ধরেই নতুন করে প্রতিশোধমূলক হামলার দাবি তুলল ইরান। সূত্র: আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়