পদ্মা-যমুনা সেতুতে এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতুতে এক দিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলতি বছরের যাতায়াতের প্রথম তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এ ছাড়া ২০২৬ সালের প্রথম তিন দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যেখানে ২০২৫ সালে আদায় হয়েছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, যমুনা সেতুতে ২০২৬ সালের ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালে এক দিনে সর্বোচ্চ পারাপার ছিল ৪৮ হাজার ৩৬৮টি যানবাহন। একইভাবে ২০২৬ সালে যমুনা সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের তুলনায় এ বছর যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি। সেতু কর্তৃপক্ষের মতে, এই পরিসংখ্যান দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় তাদের সক্ষমতা ও দক্ষতারই প্রতিফলন।
আরও পড়ুন: ঈদযাত্রার চাপ কমেছে কমলাপুরে
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পদ্মা সেতু ও যমুনা সেতু এলাকায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ছিল টোল কালেক্টরদের প্রশিক্ষণ, দক্ষ জনবল নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য অতিরিক্ত লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি চালু, মাওয়া ও এলেঙ্গা বাস-বে উন্মুক্তকরণ, সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মনিটরিং, উচ্চপর্যায়ের মনিটরিং টিম গঠন, দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা, যাত্রীদের জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা, সেতুর প্রতি ৫০০ মিটার পরপর নিরাপত্তাকর্মী মোতায়েন, দ্রুত উদ্ধার কাজের জন্য তিনটি রেকার প্রস্তুত রাখা, ইমার্জেন্সি টোল লেন চালু এবং ইফতার সামগ্রী বিতরণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








