News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ২২ মার্চ ২০২৬

ঈদে ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি কমিশনার

ঈদে ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি কমিশনার

ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ ও স্বাভাবিক। কোনো বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (২২ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, রমজান মাসজুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন, যার সুফল ঈদের দিনেও পাওয়া গেছে। যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঈদের দিন সকালে মুসল্লিরা নামাজ আদায়ের মধ্য দিয়ে উৎসব শুরু করেন। এরপর দুপুর থেকে রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র, জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিলসহ বিভিন্ন পার্কে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সর্বত্রই ছিল উৎসবমুখর পরিবেশ।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, রমজানের শুরু থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এবং মাঠপর্যায়ে সক্রিয় থেকে দায়িত্ব পালন করেছেন।

ঈদ উপলক্ষে অনেক মানুষ ঢাকার বাইরে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা ফাঁকা হয়ে পড়ে। এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত আগামী এক সপ্তাহ প্রায় ২০০টির বেশি ফুট পেট্রোল দায়িত্ব পালন করছে। এছাড়া ২৫০টি মোবাইল পেট্রোল, ৭০টির বেশি ফুট পেট্রোল এবং ৭০টির বেশি চেকপোস্ট সক্রিয় রয়েছে।

ডিএমপি কমিশনার ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা বাড়িতে তালা দিয়ে বাইরে গেছেন, তারা যেন পরিচিতজনের মাধ্যমে বাসার খোঁজখবর রাখেন এবং সিসিটিভি নজরদারি সচল রাখেন।

কোনো অপরাধ বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

উল্লেখ্য, এবারের ঈদে ঢাকা মহানগরে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১২১টি ঈদগাহে এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়