মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছে: রিজভী
ছবি: সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে এবং মত প্রকাশের জন্য গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা নেই।
রবিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সময় লাগলেও দেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
নতুন গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অপপ্রচারকারীদের সমালোচনা করে রিজভী বলেন, যারা কুৎসা রটনা করছে, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন না।
সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার চেতনা ধারণ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
২৬ মার্চের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনটি শুধু একটি দিবস নয়, বরং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির গৌরব।
এ প্রসঙ্গে জিয়াউর রহমান-এর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড অর্জনের নাম নয়; এর মাধ্যমে জাতি বহু অর্জনের পথ খুলে পেয়েছে। যারা স্বাধীনতাকে দুর্বল করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।
আরও পড়ুন: লাইলাতুল কদর উপলক্ষ্যে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা
রিজভী অভিযোগ করেন, অতীতে মানুষের মৌলিক অধিকার সীমিত করে রাখা হয়েছিল এবং গুম-খুনের মাধ্যমে এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।
এছাড়া তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








