জরুরি সিদ্ধান্তে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের জরুরি সিদ্ধান্তের পর এই অস্ত্রোপচার করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের অসুস্থতার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিল। অস্ত্রোপচার শুরু হওয়ার আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। ওই স্ক্যান রিপোর্টে তার অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা ছিলেন।
মির্জা আব্বাসকে বিকাল ৩টা ১০ মিনিটে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে, বুধবার ইফতারির সময়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে এসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত হন।
মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ অবস্থার ভিত্তিতে পরিকল্পিতভাবে অস্ত্রোপচার করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য পূর্বে পরিকল্পিত সিঙ্গাপুর যাত্রা এ অবস্থায় স্থগিত রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








