News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ১৫ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। 

রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। 

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে (ক্লোজ মনিটরিং) রাখা হয়েছে। 

শনিবার সকালে তার মস্তিষ্কের একটি সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন সন্তোষজনক এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

আরও পড়ুন: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

তিনি জানান, মেডিকেল বোর্ডের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত এই উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সাবেক এই মন্ত্রী। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এবং শুক্রবার দুই ধাপে সফলভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

দলের এই সিনিয়র নেতার অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত তার খোঁজ-খবর রাখছেন। গত শুক্রবার তিনি সশরীরে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজ নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়