News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৩, ১২ মার্চ ২০২৬

‘জনআকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ’

‘জনআকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ’

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদকে সাধারণ মানুষের জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং দেশে প্রকৃত গণতন্ত্রের পদযাত্রা শুরুর মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনে যোগ দিতে এসে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, আজকের এই সংসদ সাধারণ মানুষের দীর্ঘদিনের লড়াই ও প্রতীক্ষার ফসল। এর মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের প্রত্যাশিত এই সংসদ আজ বসতে যাচ্ছে যা জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্যতম প্ল্যাটফর্ম হবে। 

তিনি বিশ্বাস করেন, এই সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রের যে নতুন পদযাত্রা শুরু হলো, তা সুদূরপ্রসারী ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

অধিবেশনের শুরুর দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম অধিবেশনটির সূচনা হয়েছে ‘স্পিকারের চেয়ার শূন্য রেখেই’। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন।

সার্বিকভাবে, ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়