উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে তাকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে বিকেলের দিকে তার সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছানোর পর তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুর যাত্রায় তার সাথে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
এর আগে, সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা অবতরণ করে। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
গত ১১ মার্চ (বুধবার) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা শনাক্ত করেন। অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার (১৩ মার্চ) প্রায় পৌনে চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অত্যন্ত সতর্কতার সাথে দুটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। শনিবার সকালে তার মস্তিষ্কের পুনরায় সিটি স্ক্যান করা হলে রিপোর্ট সন্তোষজনক আসে বলে জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। তবে পূর্ণাঙ্গ সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দেশের রাজনৈতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। গত শুক্রবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিয়মিত এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।
এছাড়া বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি নবনির্বাচিত সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি। সিঙ্গাপুর যাত্রার প্রাক্কালে মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








