মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে তার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকেসিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করানো হবে।
বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ট্রেনের টিকিট পেতে অনলাইনে চেষ্টা করেছেন ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








