ট্রেনের টিকিট পেতে অনলাইনে চেষ্টা করেছেন ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময়ে অনলাইনে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ৩ মার্চ থেকে আমরা ধারাবাহিকভাবে ১০ দিন আগের টিকিট অনলাইনে ছেড়েছিলাম। যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন এবং আজ থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে। স্টেশনে এসে দেখলাম এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে।
তিনি জানান, অনলাইন টিকিটে ব্যাপক চাপ ছিল। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং প্রায় সবগুলোই নির্ধারিত সময়ে ছেড়েছে। মাত্র দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা খুশি। তবে কেউ কেউ ভবিষ্যতে সেবার মান বজায় থাকবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আমি তাদের আশ্বস্ত করেছি যে এই সেবার মান বজায় রাখা হবে এবং ভবিষ্যতে আরও উন্নত করা হবে।
যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মিটারগেজে ১২৪টি এবং ব্রডগেজে আরও প্রায় ১৪টি কোচ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে রেলের। শেষ মুহূর্তে ট্রেনের ছাদে বা অন্য উপায়ে ওঠার যে বাড়তি চাপ তৈরি হয়, তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








