শত্রু জাহাজ ছাড়া সবার জন্য হরমুজ খোলা: ইরান
ছবি: সংগৃহীত
শত্রুপক্ষের জাহাজ ছাড়া অন্য সব দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরান।
রবিবার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানের দূত আলি মৌসাভি এ তথ্য জানান।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে হুমকি দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানোর কথাও জানান তিনি। এর পরিপ্রেক্ষিতেই ইরান তাদের অবস্থান স্পষ্ট করল।
আলি মৌসাভি বলেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ইরান। যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের কোনো সংশ্লিষ্টতা নেই, সেগুলো নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।
তিনি আরও জানান, অন্য দেশের জাহাজগুলোকে কেবল ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। অর্থাৎ, আগাম অবহিত করেই জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।
ইরানের এই কূটনীতিক বলেন, ইরান কূটনীতিকে প্রাধান্য দেয় এবং তা অব্যাহত রয়েছে। তবে এর আগে সব ধরনের হামলা বন্ধ হতে হবে এবং পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের
তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলাই দায়ী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








